
বাংলা রিডার ডেস্ক
৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। অন্যদিকে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে নির্বাচিত হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী।
ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, যিনি পেয়েছেন ১২,৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর, যিনি পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
এজিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬,৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদলপন্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫,৯৫১ ভোট।
জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার ১১,৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ফজলে রাব্বি মো. ফাহিম রেজা, যিনি পেয়েছেন ৫,৭২৭ ভোট। উল্লেখযোগ্য যে, দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, আম্মার বর্তমান সক্রিয় সদস্য এবং ফাহিম রেজা সংগঠনটির সাবেক সমন্বয়ক।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ভোটার ছিলেন ২৮,৯০৯ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ২০,১৮৭ জন। ভোটার উপস্থিতির হার ছিল ৬৯.৮৩ শতাংশ।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে রাকসুর ২৪৮ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদে ৫৯৭ জনসহ মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাতভর গণনার পর ১৭টি হলের ফলাফল ধাপে ধাপে প্রকাশ করা হয়।



