
বাংলা রিডার ডেস্ক
আজ শনিবার চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা। স্থানীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং নতুন ব্যবহারকারীদের উইকিপিডিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই আয়োজন।
চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে এবং উইকিমিডিয়া বাংলাদেশের সহায়তায় আয়োজিত কর্মশালাগুলো অনুষ্ঠিত হবে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখা এবং চাঁদপুর এআই কম্পিউটার একাডেমিতে।
প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন জানান, প্রতিটি কর্মশালায় প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। তারা হাতে-কলমে বাংলা উইকিপিডিয়া সম্পাদনার পাশাপাশি এর ব্যবহার ও নীতিমালা সম্পর্কে প্রশিক্ষণ পাবেন।
কর্মশালায় উপস্থিত থাকবেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য এবং অভিজ্ঞ উইকিমিডিয়া স্টুয়ার্ডগণ, যারা রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণকারীদের সহায়তা করবেন।
এই কর্মশালায় উইকিপিডিয়া সম্পাদনার সময় যেসব সাধারণ সমস্যা দেখা দেয়, সেগুলোর সমাধান আলোচনা করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারীরা অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।



