১৮ অক্টোবরের আগেই এইচএসসি পরীক্ষার ফলাফল

বাংলা রিডার ডেস্ক
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন চলছে ফল তৈরির চূড়ান্ত প্রস্তুতি। আগামী ১৮ অক্টোবরের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা পোস্ট-কে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, “দেশের সব বোর্ডেই খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন ফল তৈরির কারিগরি কাজ চলছে। ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে, তবে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।”

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, এবং ব্যবহারিক পরীক্ষা চলে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা:
ঢাকা বোর্ড: ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী: ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লা: ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোর: ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রাম: ১ লাখ ১৩৫ জন, বরিশাল: ৬১ হাজার ২৫ জন, সিলেট: ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুর: ১ লাখ ৩ হাজার ৮৩২ জন, ময়মনসিংহ: ৭৮ হাজার ২৭৩ জন

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

সরকারি নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড।

বিজ্ঞাপন

Recommended For You