নির্বাচনের সময় নিয়ে আপত্তি নেই এনসিপির: সারজিস

বাংলা রিডার ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, “যদি অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করে, এনসিপির কোনো আপত্তি থাকবে না। তবে আমরা চাই ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি নিশ্চিত হোক এবং মৌলিক সংস্কারগুলো দৃশ্যমানভাবে বাস্তবায়ন হোক।”

তিনি আরও বলেন, “আমাদের প্রতীক শাপলা নিয়ে নির্বাচন এগিয়ে বা পেছানোর সুযোগ নেই। নির্বাচন কমিশন যেন বাইরের চাপে সিদ্ধান্ত না নেয়—এটাই আমাদের প্রত্যাশা। প্রয়োজনে আমরা আইনগতভাবে কিংবা রাজপথে গিয়ে অধিকার আদায়ে প্রস্তুত।”

নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে সারজিসের অভিযোগ, “যারা নির্বাচন পেছাতে চায়, তারাই আসলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে এবং নিজেরা যা করতে চায়, সেটার দায় অন্যের ওপর চাপিয়ে দিচ্ছে।”

পূজা মণ্ডপ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “পঞ্চগড়ে প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক ছিল।”

তবে তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “শুধু রাজনৈতিক প্রয়োজনেই আওয়ামী লীগ তাদের কাছে গেছে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় দৃশ্যমান বিচার হয়নি বলেই ষড়যন্ত্রকারীরা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে ওই বিষয়গুলো ব্যবহার করেছে।”

সারজিস আরও জানান, বর্তমানে এআই (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করে প্রতিমার বিকৃত ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “ভারতীয় কিছু প্রপাগান্ডা মিডিয়ার মাধ্যমে ভিন্নচিত্র উপস্থাপন করা হচ্ছে, অথচ বাস্তবে হিন্দু-মুসলমানরা গ্রামে একসঙ্গে খায়, একে অপরকে দাওয়াত দেয়।”

তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের পর অনেক জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের খাসজমি ও ধর্মীয় স্থাপনাগুলো জাল দলিলের মাধ্যমে দখল করার চেষ্টা হচ্ছে। এজন্য তিনি সরকারের কাছে একটি কমিশন গঠনের আহ্বান জানান, যাতে এসব অনিয়ম বন্ধ হয় এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়।

পরিদর্শনকালে এনসিপি ও জাতীয় যুবশক্তির স্থানীয় নেতাকর্মীরা সারজিসের সঙ্গে ছিলেন। তিনি প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন

Recommended For You