
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে কবি রেজাউদ্দিন স্টালিনকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
রোববার (২১ সেপ্টেম্বর) একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন গণমাধ্যমকে জানান, “তিনি আজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের একাডেমিতে আসবেন।”
আশির দশকের অন্যতম আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন দীর্ঘদিন ধরে জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান বলেন, “রেজাউদ্দিন স্টালিনকে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে—এটা আমাদের জন্য গর্বের বিষয়।”
শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে এই পরিবর্তন আসে একাধিক প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে পদ ছাড়েন তৎকালীন মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এরপর ৯ সেপ্টেম্বর নাট্যব্যক্তিত্ব ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়। তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের নানা অনিয়ম ও হস্তক্ষেপের অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।
পরে ৪ মার্চ একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এরপর ১৪ সেপ্টেম্বর এক অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অস্থায়ীভাবে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
তবে এক সপ্তাহের ব্যবধানে এবার কবি রেজাউদ্দিন স্টালিনকে আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো।



