
বাংলা রিডার ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে ১২ লাখের বেশি পরীক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের নিয়ম রয়েছে। সে অনুযায়ী ফল তৈরির কাজ এখন পুরোদমে চলছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন,“আমরা চেষ্টা করছি নির্ধারিত ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে। কাজ শেষ হলেই ফল প্রকাশ করা হবে। তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।”
তিনি আরও জানান, তিনবার পরীক্ষা পিছিয়ে শেষ করতে হয়েছে। তাই আমরা শুধু বলেছি ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করবো। খাতা মূল্যায়নের সময় বাড়লেও তা ফল প্রকাশে কোনো প্রভাব ফেলবে না।”
চলতি বছর তত্ত্বীয় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং তিন দফা পেছানোর পর শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা চলে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। নানা চ্যালেঞ্জ ও স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যেও সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল:
ঢাকা: ২,৯১,২৪১
রাজশাহী: ১,৩৩,২৪২
কুমিল্লা: ১,০১,৭৫০
যশোর: ১,১৬,৩১৭
চট্টগ্রাম: ১,০০,১৩৫
বরিশাল: ৬১,০২৫
সিলেট: ৬৯,৬৮৩
দিনাজপুর: ১,০৩,৮৩২
ময়মনসিংহ: ৭৮,২৭০
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন প্রায় ৮৬ হাজার।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি, তবে নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে।



