শাহরাস্তিতে শিশু তাসনুহার বস্তাবন্দি লাশ উদ্ধার, হত্যার সন্দেহে চাচা-চাচি আটক

বাংলা রিডার ডেস্ক 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পুকুর থেকে তিন বছর বয়সী শিশু তাসনুহার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাসনুহা উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের বাসিন্দা ট্রাকচালক রুবেল হোসেনের মেয়ে। শিশুটি গত বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পুকুরে ডুবুরি নামিয়ে ও জাল ফেলে খোঁজ চালানো হলেও কোনো ফল মেলেনি।

একদিন পর, বৃহস্পতিবার রাতে বাড়ির লোকজন হঠাৎই পুকুরে একটি বস্তা ভেসে থাকতে দেখে সন্দেহ হয়। বস্তাটি তুলে খুলতেই তাতে তাসনুহার নিথর দেহ দেখতে পান তারা।

সন্দেহভাজন চাচি আটক। ঘটনার খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তদন্ত করতে গিয়ে শিশুটির চাচা রিপনের ঘরের বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখতে পায় পুলিশ ও এলাকাবাসী। এরপর রিপন ও তার স্ত্রী সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক বলেন, “আমার শুরু থেকেই সন্দেহ হয়েছিল। পুলিশ আসার পর তাদের ঘর তল্লাশি করতে বলি। সেখানে কিছু আলামত পাওয়া গেছে। আমার দৃঢ় বিশ্বাস, এই দম্পতিই শিশুটির হত্যার সঙ্গে জড়িত।”

পুলিশের প্রাথমিক ধারণা: পরিকল্পিত হত্যা। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, “শিশুটি গতকাল (বুধবার) থেকেই নিখোঁজ ছিল। রাতে পুকুর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

বিজ্ঞাপন

Recommended For You