
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলা ব্রিজ সংলগ্ন অংশে সড়কে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
খবর পেয়ে চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি মূল্যায়নের পর সড়কের ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে স্থানীয়রা ব্রিজের পূর্ব পাশে সড়কে বড় ধরনের ফাটল দেখতে পান। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে যান চলাচলে ঝুঁকির আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে সওজের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করেন।
এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বলেন, “ফাটলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। প্রায় ৫ মিটার ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থায়ী সমাধানের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে সাংবাদিক মোসাদ্দেক আল আকিব জানান, তিনি রায়পুর যাওয়ার পথে ঘটনাটি প্রথম লক্ষ্য করেন। তিনি বলেন, “সড়কে বড় একটি ফাটল দেখতে পেয়ে মোটরসাইকেল থামিয়ে নিচে নেমে দেখি, ফাটলের নিচের অংশ ফাঁপা হয়ে গেছে এবং মাটি সরে যাওয়ার লক্ষণ রয়েছে। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় আমি তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল রেখে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি।
স্থানীয়রা জানান, দ্রুত সংস্কার কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে স্থায়ীভাবে সড়কটি মেরামত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।



