
বাংলা রিডার ডেস্ক
সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ রায় প্রকাশিত হয়। তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রায়টি লিখেছেন। এর আগে গত ২০ নভেম্বর আপিল বিভাগ এ বিষয়ে রায় ঘোষণা করেছিলেন।
রায়ের ফলে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত হলো। তবে এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না; জাতীয় সংসদের চতুর্দশ নির্বাচন থেকে এ ব্যবস্থা কার্যকর হতে পারে।
প্রায় তিন দশক আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করা হয়েছিল। আপিল বিভাগের সাম্প্রতিক রায়ে ওই বিধান পুনরুজ্জীবিত করা হয়েছে। আইনজীবীদের মতে, এ সিদ্ধান্তের ফলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথ আরও সুগম হবে।
উল্লেখ্য, ১৪ বছর আগে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে সংবিধানবিরোধী ঘোষণা করে বাতিল করেছিলেন। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে এবং এ–সংক্রান্ত রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন নিষ্পত্তি করে গত ২০ নভেম্বর নতুন রায় দেন আদালত।
তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতভাবে এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী (বর্তমান প্রধান বিচারপতি), বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।
রায়ে বলা হয়, আপিলগুলো সর্বসম্মতভাবে মঞ্জুর করা হলো এবং সে অনুযায়ী রিভিউ আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে দেখা যায়, ২০১১ সালের আপিল বিভাগের রায়ে একাধিক ত্রুটি ছিল। তাই সেই রায় সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।
এছাড়া ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী আইনের ধারা ৩ অনুযায়ী সংবিধানের চতুর্থ ভাগে সংযোজিত ‘২ক পরিচ্ছেদ—নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার’ সংক্রান্ত বিধানাবলি পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।
রায়ে আরও বলা হয়েছে, এ পুনরুজ্জীবনের ফলে ‘পরিচ্ছেদ ২ক’-এ বর্ণিত তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত বিধান স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হয়েছে। তবে অনুচ্ছেদ ৫৮খ(১) ও ৫৮গ(২)-এর বিধান অনুযায়ী তা প্রয়োগ সাপেক্ষে কার্যকর হবে।
পুনর্বহাল করা এসব বিধান কেবল ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।


