রাজনীতি নয়, আবার সিনেমাতেই ফিরতে চান কঙ্গনা

বাংলা রিডার ডেস্ক
রাজনীতিতে পা রেখেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কঙ্গনা রানাউত। তবে এখন আর সেই জগৎ তাকে টানছে না। আবারও পুরনো প্রেম—সিনেমা জগতেই মন দিতে চান তিনি।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ও অভিনেতা সুরেশ গোপী যখন চলচ্চিত্রে ফিরতে চান বলে মন্তব্য করেন, তখন তার সুরেই সুর মিলিয়ে কঙ্গনাও জানান, রাজনীতির পাশাপাশি নিজের পেশায় কাজ করার সুযোগ থাকা উচিত।

কঙ্গনার মতে, রাজনীতি একটি কঠিন ও সময়সাপেক্ষ পেশা, যেখানে আর্থিক সুবিধা খুব সীমিত। তিনি বলেন, “এই পেশায় খরচ প্রচুর, অথচ সম্মানী খুবই কম। শিল্পীরা যদি নিজেদের কাজ চালিয়ে যেতে চান, তাতেও অনেকে বিদ্রুপ করে।”

তিনি মনে করেন, যারা অন্য পেশা থেকে রাজনীতিতে আসেন, তাদের বাস্তবতা বোঝা দরকার এবং পেশাগত কাজ চালিয়ে যাওয়ার সুযোগও দেওয়া উচিত।

বর্তমানে হিমাচলপ্রদেশের মান্ডি আসনের সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তবে রাজনীতিতে আসার পর এখন পর্যন্ত তিনি নতুন কোনো ছবিতে কাজ করেননি। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘ইমার্জেন্সি’ ছবিতে। শোনা যাচ্ছে, এবার তার লক্ষ্য হলিউড।

এর আগে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, “সৎ পথে রাজনীতি করে সংসার চালানো কঠিন। সংসদ সদস্য হিসেবে বেতন থেকে রাঁধুনি আর গাড়ির চালকের বেতন মেটালে হাতে থাকে মাত্র ৫০-৬০ হাজার টাকা। তাই জীবিকা হিসেবে একটি অতিরিক্ত পেশা থাকা জরুরি।”

বলিউডের এই সাহসী অভিনেত্রী ফের বড় পর্দায় ফিরতে প্রস্তুত, তবে রাজনীতির মঞ্চে তার ভূমিকা কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

বিজ্ঞাপন

Recommended For You