মালদ্বীপের সৈকতে শবনম ফারিয়া

বাংলা রিডার ডেস্ক
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ের পর স্বামীর সঙ্গে প্রথম বিদেশ ভ্রমণে গেছেন মালদ্বীপ ও শ্রীলঙ্কায়। ভ্রমণের নানা মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেও, সম্প্রতি একটি ছবি ঘিরে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে দ্বিতীয়বার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফারিয়া। তাঁর স্বামী তানজিম তৈয়ব একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।

বিয়ের পর নতুন দম্পতি হানিমুনে গেছেন শ্রীলঙ্কা ও মালদ্বীপে। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি তিনি নিয়মিতই পোস্ট করছেন নিজের ফেসবুকে। মালদ্বীপের সমুদ্রসৈকতে তোলা একটি ছবি পোস্ট করে ফারিয়া লেখেন,
“আমি একেবারেই ঠান্ডা ছিলাম। কিন্তু ভেতরে ভেতরে জীবনের সব সিদ্ধান্ত নিয়ে সন্দেহ হচ্ছিল… যার ফলেই ভোর ৬টায় ডলফিন দেখতে উঠে পড়ি। তারপর এক ঝাঁক ডলফিন দেখে যেন সব কিছু মাফ করে দিলাম।”

তবে এর আগে শ্রীলঙ্কার গালে শহর থেকে হাফপ্যান্ট পরা একটি ছবি পোস্ট করতেই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের একটি অংশ ফারিয়ার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে বলছেন, মসজিদে খেজুর ছিটিয়ে ধর্মীয়ভাবে বিয়ে করেও পরে এমন পোশাক পরা তাঁর সঙ্গে যায় না।

একজন মন্তব্য করেছেন, “মসজিদের বিয়ে ছিল একটা নাটক, আসল রূপ এখন প্রকাশ পেয়েছে।”
আরেকজন লিখেছেন, “তোমাকে শাড়িতেই ভালো মানায়, মুসলিম নারী হয়ে হাফপ্যান্ট পরে ছবি পোস্ট করা উচিত হয়নি।”

সমালোচকদের কেউ কেউ তাকে ‘ভিউ ব্যবসায়ী’ বলেও আখ্যায়িত করেছেন। কেউ আবার ফারিয়ার ছবিতে ক্ষোভ জানিয়ে তাকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন।

এদিকে এখনও পর্যন্ত হানিমুনের ট্রিপে স্বামী তানজিম তৈয়বের সঙ্গে শবনম ফারিয়ার কোনো যুগল ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়নি, যা ভক্তদের কৌতূহল বাড়িয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You